বাগদাদির বোনকে আটক করার দাবি তুরস্কের

মার্কিন অভিযানের সময় নিহত ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদির বোনকে তুরস্ক আটক করেছে বলে দেশটির এক কর্মকর্তা দাবি করেছেন। সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আজাজ থেকে স্বামী ও ছেলের বউসহ তাকে আটক করা হয়।

আটকের পর ৬৫ বছর বয়সি রেসমিয়া আওয়াদের স্বামী ও তার ছেলে বউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তুরস্কের ঐ কর্মকর্তা জানান, আজাজের কাছে এক অভিযানের সময় রেসমিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে পাঁচ শিশুও ছিল।

সিরিয়ার সীমান্তবর্তী শহর আজাজ এখন তুরস্কের নিয়ন্ত্রণে আছে। ‘বাগদাদির বোনের কাছ থেকে আইএসের ভেতরের কর্মকাণ্ডের বিষয়ে বহু তথ্য পাব বলে আমরা আশা করছি,’ বলেন ঐ কর্মকর্তা। এমনিতে বাগদাদির বোনের বিষয়ে তথ্য তেমন একটা নেই এবং তুরস্কের হাতে আটক নারীই বাগদাদির বোন কি না, তাত্ক্ষণিক রয়টার্সও তা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

গত মাসে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে মার্কিন স্পেশাল ফোর্সেসের অভিযানের মুখে কোণঠাসা হয়ে একটি সুড়ঙ্গে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন বাগদাদি। বৃহস্পতিবার অনলাইনে পোস্ট করা একটি অডিও টেপে আইএস তাদের নেতা বাগদাদির মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে।