মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ নিহত ৯

মেক্সিকোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন বন্দুকধারীর হামলায় নারী ও শিশুসহ ৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তারা আগুনে পুড়ে ও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।  নিহত ব্যক্তিরা গত এক দশক ধরে মেক্সিকোতে বসবাস করে আসছেন। খবর বিবিসি ও রয়টার্স এর।

জানা যায়, তিন জন নারী ও তাদের ১৪ জন সন্তানসহ মোট ১৭ জন একটি গাড়িতে করে সনোরা রাজ্যের ব্যাভিসেপ এলাকা থেকে চিহুয়াহুয়া রাজ্যের লা মোরাতে যাচ্ছিলেন। এসময় এক বন্দুকধারী গাড়ি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকজন আগুনে পুড়ে এবং পালানোর সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন। 

আরও পড়ুন: হল না ছাড়ার ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের

চিহুয়াহুয়া রাজ্যের অ্যাটর্নি জানিয়েছেন, এই ঘটনায় কতজন মারা গেছেন সেটা এখনও নিশ্চিত নয়। নিহতের পরিবারের সদস্যরা ১২ জন বলে দাবি করছেন। 

ধারণা করা হচ্ছে স্থানীয় মাদক ব্যবসায়ীর একটি দল এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলেছে ভুলবশত এই হামলা চালানো হয়েছে।

চিহুয়াহুয়া রাজ্যের প্রশাসন জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/এসইউ