মুশফিকে মুগ্ধ রুপারেল
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ০০:০০
ঋদ্ধি রুপারেল। রাজকোটের এ তরুণী মুশফিকুর রহিমের পাঁড় ভক্ত। সৌরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের উইকেটকিপার-ব্যাটার। ক্রিকেটই বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে একটা বন্ধন তৈরি করে দিয়েছে তার। ঋদ্ধি অনুসরণ করেন মুশফিককে।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ খেলতে বাংলাদেশ দল এখন রাজকোটে। নিজ শহরে প্রিয় ক্রিকেটারকে দেখার সুযোগটা হাতছাড়া করেননি ঋদ্ধি। গতকাল বাংলাদেশের অনুশীলন চলাকালীন ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন লম্বা সময়। দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় এ তরুণীর স্বপ্ন পূরণ হয়েছে। ক্রিকেটার হিসেবে আদর্শ মুশফিকের সাক্ষাত্ পেয়েছেন তিনি। কুশল বিনিময় হয়েছে, ছবি তুলেছেন প্রিয় তারকার সঙ্গে।
উচ্চতার দিক থেকে মিল, ক্রিকেটীয় ভূমিকায়ও মিল রয়েছে মুশফিক-ঋদ্ধির। তাছাড়া মুশফিকের লড়াকু মানসিকতা, ক্ল্যাসিক ব্যাটিংয়ের প্রেমে মজে আছেন ঋদ্ধি। গতকাল ভারতীয় এ নারী ক্রিকেটার সাংবাদিকদের বলেছেন, ‘আমি তাকে আদর্শ মনে করি। কারণ আমিও উইকেটকিপার এবং টপ অর্ডার ব্যাটার। শুরুতে উনি কিছুটা সময় নেন, পরে হুট করে খেলাটা বদলে দেন। ক্যাচ পড়ার (ক্রুনাল পান্ডিয়ার হাত থেকে) পরও তার অ্যাপ্রোচ ইতিবাচক ছিল।’
গত ৩ নভেম্বর দিল্লিতে মুশফিকের ৪৩ বলে অপরাজিত ৬০ রানে টি-২০ তে প্রথমবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। মুশফিক ব্যাটিংয়ে থাকলেই টিভি থেকে চোখ সরে না ঋদ্ধির। তিনি বলেছেন, ‘উনার উচ্চতা আমার মতো। আমি সব সময় আমার উচ্চতার উইকেটকিপারদের আদর্শ মানি। গত ম্যাচে উনি যেভাবে খেলেছেন, সেটা ছিল দারুণ। ক্যাচটা পড়ার পরে চারটা বাউন্ডারি মেরে উনি যেভাবে খেলা শেষ করেছেন, তা উইকেটকিপার-ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো।’
গত বছর কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ঢাকায় নারী প্রিমিয়ার লিগ খেলে গেছেন ঋদ্ধি। চেষ্টা করেও তখন মুশফিক-সাকিবের সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণ করতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও পছন্দ ঋদ্ধির। তবে মুশফিকের সঙ্গে নাকি আত্মিক যোগাযোগটাই বেশি।
ভারতীয় এ তরুণী বলেছেন, ‘ক্রিকেট দুনিয়াটা আসলে উন্মুক্ত। হ্যাঁ, ভারতীয় ক্রিকেটারদেরও পছন্দ, যেমন (মহেন্দ্র সিং) ধোনি। কিন্তু তাদের খেলা অনেক আলাদা। মুশফিকের খেলার ধরন আমার মতো, এ কারণে আমি তার সঙ্গে বেশি একাত্মতা বোধ করি।’