মাহফুজের লক্ষ্য এবার এসএ গেমস

সময়টা দারুণ যাচ্ছে হাইজাম্পার মাহফুজুর রহমান শুভর। মাস দুয়েক আগে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে হাইজাম্পের ৯ বছরের জাতীয় রেকর্ড ভেঙেছিলেন। এবার ভারতের অভ্যন্তরীণ যুব অ্যাথলেটিকসে আমন্ত্রণ পেয়ে সেখানেও জিতলেন স্বর্ণপদক। সাফল্যের ধারাটা ধরে রেখে আসন্ন এসএ গেমসকেও পদক এনে দিতে চান বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।

গত সোমবার অন্ধ্র প্রদেশে যুব অ্যাথলেটিকসে হাইজাম্পের চূড়ান্ত লড়াইয়ে ২.১০ মিটার উচ্চতায় লাফান মাহফুজ। তাতেই ভারতীয় প্রতিপক্ষ রোহিতকে পেছনে ফেলেন তিনি। ২.০৬ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন হরিয়ানার অ্যাথলেট। ফলে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের পর ভারতীয় যুব অ্যাথলেটিকসেও স্বর্ণ জয় করেন কুষ্টিয়ার এই অ্যাথলেট।

এর আগে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়েছিলেন তিনি। ফলে ৯ বছর আগে ২০১০ সালে সজীব হোসেনের করা রেকর্ডটি ভেঙে গিয়েছিল। তবে এবার কিছুটা পড়তি এসেছে তার ফলাফলে।

প্রতিটি প্রতিযোগিতার আগে কিছুটা বিশ্রামের প্রয়োজন হয় একজন অ্যাথলেটের। তবে মাহফুজ সেই গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের পর থেকে নিচ্ছেন এসএ গেমসের প্রস্তুতি। ভারতে গিয়েও কোনো বিশ্রাম নেননি তিনি। এ কারণেই কিছুটা পড়ে গেছে ফর্মটা—অভিমত বাংলাদেশি অ্যাথলেটের।

গতকাল ইত্তেফাককে মাহফুজ বলেন, ‘প্রতিটি খেলার আগেই খেলাটার জন্য শরীরকে কিছুটা বিশ্রাম দিতে হয় আমাদের। ভারতে আসার আগে অনুশীলনে ব্যস্ত ছিলাম। এখানে এসেও বিশ্রাম নিইনি। অন্ধ্র প্রদেশে পা রেখেই অনুশীলনে নেমে পড়েছি। এ কারণেই ফলাফল কিছুটা খারাপ হয়েছে।’

তবে মাহফুজ জানালেন, এসএ গেমসের ফলাফলই তার কাছে মুখ্য। সে লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তিনি, ‘বিশ্রাম না নেওয়ার কারণটা হচ্ছে এসএ গেমস। সেটাকে লক্ষ্য বানিয়েই নিজেকে প্রস্তুত করছি আমি।’

ভারতীয় প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে এসএ গেমসের প্রস্তুতিটা ভালোই হলো, অভিমত নৌবাহিনীর এই অ্যাথলেটের। তিনি বলেন, ‘শেষ কিছুদিনে অনুশীলনের মধ্যেই আছি। এখানে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আরেকটু বাজিয়ে দেখা হলো। সবকিছু মিলিয়ে প্রস্তুতিটাকে ভালোই বলব আমি।’

জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসে রেকর্ড ভাঙা স্বর্ণজয়ের পর ভারতীয় আসরটিতেও একই রকম সাফল্য এসএ গেমসে পদকজয়ের আশার পালে আরো জোর হাওয়া দিচ্ছে। পদকজয়ের ধারাটা ধরে রাখার ব্যাপারটি বেশ প্রত্যয়ীই শোনাল মাহফুজকে, ‘সেখানে স্বর্ণজয়ের সর্বোচ্চ চেষ্টাটাই থাকবে। সেটা হলে অন্তত পদক জিততে পারব ইনশাআল্লাহ।’

ভারতীয় যুব অ্যাথলেটিকসে মাহফুজুর রহমানের আগে স্বর্ণ জিতেছিলেন নৌবাহিনীরই আরেক অ্যাথলেট জহির রায়হান। গত রবিবার ৪০০ মিটার স্প্রিন্টে ৪৭.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন তিনি। ভারতের এই টুর্নামেন্টে খেলতে যাওয়া ৫ অ্যাথলেট আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন।