লক্ষ্য পূরণ হতে পারে বেশ কটি ক্লাবের
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ০০:০০
পিএসজি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, জুভেন্তাস ও অ্যাটলেটিকো আজ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের খেলাগুলোয় জিতলে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলতে পারবে।
ফরাসি চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে ক্লাব ব্রুজের বিরুদ্ধে জিতলে ‘এ’ গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে যেতে পারবে। সে তুলনায় গ্রুপের অপর দল রিয়াল মাদ্রিদের জন্য এখন পর্যন্ত পরিস্থিতি কঠিন। তুর্কি দল গালাতাসারায় বার্নাব্যুতে খেলতে আসবে। সে ক্ষেত্রে জয় পেলে কোচ জিনেদিন জিদানের দল একই লক্ষ্যে এগিয়ে থাকবে।
বায়ার্ন তাদের ভারপ্রাপ্ত কোচ হ্যানসি ফ্লিকের অধীনে খেলতে নামবে। নিজেদের মাঠে আজ তাদের বিপক্ষ গ্রিক দল অলিম্পিয়াকোস। বায়ার্ন ও জার্মানির সাবেক ডিফেন্ডার আন্দ্রিয়াস ব্রেহমে জানিয়েছেন খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের কারণে এ সপ্তাহে কোচ নিক কোভাচকে বরখাস্ত করা হয়েছে।
সে জন্য ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিডজিচ এসব খেলোয়াড়দের আরো ভালো খেলতে চাপ দিয়েছেন। জার্মান চ্যাম্পিয়নরা এমনিতে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে। তারপরও এই কর্মকর্তা বলেন, ‘আমি এখন আমাদের খেলোয়াড়দের কাছ থেকে আমাদের লক্ষ্যের ব্যাপারে ইতিবাচক পরিবর্তন আশা করছি।’
টটেনহ্যাম গত মাসে এই বায়ার্নের কাছে ৭-২ গোলে হেরে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে বড়ো রকমের হোঁচট খেয়েছিল। তবে গেলবারের রানার্সআপরা এরপর ঘুরে দাঁড়িয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। যদিও তৃতীয় স্থানে থাকা রেডস্টার বেলগ্রেড তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। আজ কোচ মরিচিও পচেত্তিনোর দলের খেলাও এই সার্বিয় ক্লাবটির মাঠে।
শিরোপাপ্রত্যাশী ম্যানচেস্টার সিটি শেষ ষোলোয় পৌঁছতে আর একটি জয় পেলেই চলবে। ইতালির ক্লাব আটলান্টার বিরুদ্ধে কোচ পেপ গার্দিওলার দল জয়ই প্রত্যাশা করে। অপরদিকে ডায়নামো জাগরেব ও শাখটার ডনেটস্ক আজ মুখোমুখি হচ্ছে। দুদলের লক্ষ্য গ্রুপের দ্বিতীয় স্থান পাওয়া।
ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ ‘ডি’ গ্রুপে সমান ৭ পয়েন্টে আছে। আজ জুভেন্তাস খেলবে লোকোমোটিভ মস্কোর মাঠে। অপরদিকে অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে বায়ার লেভারকুসেন। ইতালি ও স্পেনের দল দুটি জিতলে আজই নিশ্চিত হয়ে যাবে তাদের নকআউটে খেলা।