শাইখ সিরাজ পেলেন ইউটিউবের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড

 

ইউটিউবের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন করেছেন উন্নয়ন সাংবাদিক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। মূলত কৃষি বিষয়ক কনটেন্ট আপলোড করা হয় তার চ্যানেলে। যার মাধ্যমে এরইমধ্যে ১০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। ১ মিলিয়ন বা ১০ লাখ মানুষ কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করলেই ইউটিউব ওই চ্যানেলকে গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি যেমন মানুষের কাছে জনপ্রিয় তেমনি ইউটিউবেও দেশ-বিদেশে অগণিত দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে এই অনুষ্ঠান। হূদয়ে মাটি ও মানুষ, ছাদকৃষি, কৃষকের ঈদ আনন্দ, কৃষি বাজেট কৃষকের বাজেট, গ্রামবাংলা এবং বিভিন্ন দেশের নানা ধরনের ফিচারসহ কৃষি প্রতিবেদন আকৃষ্ট করেছে বিশ্বব্যাপী বহু মানুষকে। গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জনের পর শাইখ সিরাজ বলেন, ‘আমি আনন্দিত। সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ। কনভেনশনাল মিডিয়া এখন ধীরে ধীরে ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে। ভবিষ্যতে ওটিটি প্লাটফর্মে আমার কনটেন্টগুলো নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে।’ ১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানটি উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন শাইখ সিরাজ। ২০০৪ সালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চ্যানেল আইয়ে শুরু হয় কৃষি বিষয়ক অনুষ্ঠান হূদয়ে মাটি ও মানুষ। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয় শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের।