গৃহকর্মী সুরভীসহ পাঁচ জন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী সুরভীসহ গ্রেফতার পাঁচ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলো—গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা, দারোয়ান নুরুজ্জামান, ক্লিনার গাউসুল আজম প্রিন্স, নিহতের জামাতার ব্যক্তিগত গাড়িচালক আতিকুল হক বাচ্চু ও বেলায়েত হোসেন।

গত শুক্রবার সন্ধ্যার পর ধানমন্ডির ২৮ নম্বর রোডের ২১ নম্বর লবেলিয়া অ্যাপার্টমেন্টের ই-৫ ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলাতানা রুবা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রবিবার রাতে আগারগাঁওয়ের বিএনপি বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুরভীকে গ্রেফতার করে পুলিশ। অন্যান্য অভিযুক্তকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার ধানমন্ডি থানা থেকে মামলার তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।