ট্রাকের ধাক্কায় ইত্তেফাক কর্মী কামাল নিহত

মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় ইত্তেফাকের প্রেসকর্মী মো. শাহ কামাল (৩৯) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত সোমবার রাত ২টার দিকে মাতুয়াইলের মা ও শিশু সদন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। গতকাল মঙ্গলবার বাদ জোহর বায়তুল জব্বার জামে মসজিদ নূরবাগ সিএনজি মাঠে জানাজা শেষে শাহী মহল্লা কবরস্থান পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক ইত্তেফাকে কাজের পাশাপাশি রাতে ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন শাহ কামাল। প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইত্তেফাকের ডিউটি শেষ করে মাতুয়াইল যান। সেখানে ভাড়া করা সিএনজি নিয়ে তিনি বের হন। রাত ২টার দিকে ট্রিপ শেষ করে নিজ বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। পেছন থেকে একটি ট্রাক দ্রুতগতিতে কামালের সিএনজি অটোরিকশার সামনে চলে যায়। এরপর হঠাত্ করেই ট্রাকটি ব্রেক করলে পেছনে থাকা কামালের অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। চালকের আসনে থাকা কামাল ঘটনাস্থলেই নিহত হন।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক : মো. শাহ কামালের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, উপ-ইউনিট প্রধান মোহাম্মদ শাহযাদা, দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার, সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ তিন ইউনিয়নের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।