রাজশাহী মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাওয়া সাহাপুর গ্রামের সেই মেধাবী শিক্ষার্থী সুচিত্রা রানির পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
গতকাল মঙ্গলবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন। গত ২২ অক্টোবর দৈনিক ইত্তেফাকে ‘শিক্ষায় নারী জাগরণ, সাহাপুর’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সময় জেলা প্রশাসক ছাড়াও সুচিত্রা রানি, তার মা মুক্তি রানি উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রেজা মাসুম প্রধান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সুচিত্রাকে শিক্ষাসরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৩৫ হাজার টাকা তুলে দেন। তিনি সুচিত্রার পড়ালেখার সমগ্র ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, পিতৃহারা সুচিত্রাদের বাড়ি ভিটা ছাড়া কোনো জমি নেই। মা মুক্তি রানির ছোটো একটি পোলট্রি খামার আয়-রোজগারের একমাত্র উত্স।
জেলা প্রশাসককে সুচিত্রা জানান, হূদরোগে আক্রান্ত হয়ে গত মে মাসে তার বাবার অকাল প্রয়াণ ঘটে। এজন্য তার স্বপ্ন জীবনে কার্ডিওলজি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে।