আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা মহানগরের শীর্ষ নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক জন নেতা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি উল্লিখিত নির্দেশনা মহানগর নেতাদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। এ সময় গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। গণভবন ও আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে জানতে গণভবনে উপস্থিত দুই জন নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।