পাকিস্তানে আলোচনা ব্যর্থ বিরোধীদের অবস্থান চলবে ইত্তেফাক ডেস্ক

পাকিস্তানে সরকারের সঙ্গে বিরোধীদের আলোচনা ভেস্তে গেছে। বিরোধীদের পক্ষে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রেহমান সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি যতো দ্রুত সম্ভব সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সরকারের দাবি আলোচনা ফলপ্রসূ হয়েছে। খবর ডনের

পাঁচ দিন ধরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে অবস্থান চলছে। মাওলানা ফজলুর রেহমান গতকাল জানিয়েছেন, বিরোধীরা ২০১৮ সালের নির্বাচনে কারচুপির বিষয়ে তদন্তে সরকারের দেওয়া বিচার বিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা নতুন নির্বাচনের দাবিতে অনড় বলে জানিয়েছেন। এর আগে ফজলুর রেহমান অভিযোগ করেন, অনেককে তুলে নেওয়া হচ্ছে। এটা কোন সংস্থা করতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারা অপরাধী হলে তাদেরকে আদালতের সামনে হাজির করা উচিত। পাঞ্জাব প্রদেশের পার্লামেন্টের স্পিকার চৌধুরী পারভেজ এলাহি বলেছেন, সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। আশা করা হচ্ছে, ভাল কিছু ঘটবে। প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন।