প্রতিপক্ষের লাঠির আঘাতে খামারির মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে হাঁসের খাবার স্থান দখলকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে রফিকুল ইসলাম ওরফে রুহু মিয়া (৪৮) নামের এক হাঁসের খামারি মারা গেছেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় খালিয়াজুরীর কৃষ্ণপুরের পুতারকান্দা এলাকায় প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি আহত হন। রুহু মিয়া খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর মাদরাসাপাড়ার জব্বার আলীর ছেলে।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান শামীম মিয়া জানান, একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও তার কয়েক জন স্বজন রুহু মিয়ার সঙ্গে কৃষ্ণপুরের পুতারকান্দা হাওরে খাবার স্থান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের লাঠির আঘাতে প্রথমে রফিকুল ইসলাম রুহু গুরুতর আহত হন। তারপর রুহু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআর