পূর্বধলায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাক চাপায় মাইশা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তুলাপাবই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা ওই গ্রামের আজিজুল ইসলামের মেয়ে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মাইশার বাবা তার জেএসসি পরীক্ষার্থী দুই মেয়েসহ মাইশাকে নিয়ে বাড়ির পাশেই শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে আসেন পরীক্ষার্থী দুই মেয়েকে অটোরিকসায় উঠিয়ে দেওয়ার জন্য। এ সময় পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৮২৫৩) মাইশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

আরও পড়ুন: কৃষকলীগে ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেয়া হবে: ওবায়দুল কাদের

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম