লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে শিশু ধর্ষণ মামলায় মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে  ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ওকে ওয়ালেটের সঙ্গে এসএসডি-টেকের সমঝোতা চুক্তি

সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ০৩ সেপ্টেম্বর ভোরে রামগতি উপজেলার শ্যামনগর গ্রামে সাড়ে তিন বছর বয়সী ঘুমন্ত শিশুকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় একই গ্রামের বেলাল। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় বেলালকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পুলিশের তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বেলালের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

ইত্তেফাক/এএএম