বিপিএলের এবারের আসরে চট্টগ্রামের স্পন্সর আকতার গ্রুপ

আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। বিপিএলের এই আসরে প্রথমবারের মতো স্পন্সরশীপ স্বত্ব কিনলো আকতার গ্রুপ। এবারের আসরে চট্টগ্রাম বিভাগের স্পন্সরশীপ স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানার্থে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ডিসেম্বর মাসে বসবে এবারের আসর।

বিপিএলে প্রথমবারের মতো স্বত্বাধিকারী হওয়া আকতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান বলেন, 'দর্শকপ্রিয় খেলা ক্রিকেটের অগ্রযাত্রার সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত। বিপিএলের মতো বড় আসর একদিকে যেমন ক্রিকেটকে অনন্য উচ্চতা নিয়ে গেছে সেই সঙ্গে ক্রিকেটের গঠনমূলক উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে ভূমিকা রেখে চলেছে।'

তিনি আরও বলেন, 'বিপিএলের উৎসবমুখর পরিবেশ দেশের মানুষকে আনন্দের এক সূতায় গেঁথে নেয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে সুস্থ জীবনযাপনে উৎসাহী করে তুলে। এমন বড় মাপের আসর ক্রিকেটের জন্য তো বটেই; বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।'

সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠান জানায়, একটি পূর্ণাঙ্গ দল তৈরির প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ ইয়াসির আলম। এছাড়া খেলোয়াড়, কোচিং স্টাফ, ফিজিও নিয়োগসহ আনুষঙ্গিক সব প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নিয়ম ও সময় মেনে সব ধরণের কার্যক্রম পর্যায়ক্রমে চলতে থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি