আজ থেকে দেশব্যাপী ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

বিশেষ প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার  সারাদেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯। এ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল  প্রতিপাদ্য  নির্ধারণ করা হয়েছে ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়।’ আগামী ১২ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে দেশব্যাপী চালু থাকা ৪১১টি ফায়ার স্টেশনে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

আজ নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান উপস্থিত থাকবেন। আগামী ১২ নভেম্বর সন্ধ্যায় পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের পর ফায়ার কনসার্টের মাধ্যমে সপ্তাহ পালনের কার্যক্রম সম্পন্ন হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।