ইত্তেফাক রিপোর্ট
রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ফজলে হোসেন বাদশা সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। দলের ১৫ সদস্যের পলিটব্যুরোও ঘোষণা করা হয়েছে। ৬২ জনকে কেন্দ্রীয় সদস্য ও ২৮ জনকে বিকল্প সদস্য করে ৯১ সদস্যের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা হয়। এছাড়া শেখ সাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কন্ট্রোল কমিশন ঘোষণা করা হয়েছে। দলের চার দিনব্যাপী দশম কংগ্রেসের গতকাল মঙ্গলবার সমাপনী দিনে দলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
গতকাল ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের কংগ্রেসে নির্বাচন প্রসঙ্গে নিজস্ব শক্তির ওপর জোর দেওয়া হয়। আগামীতে দলের নির্বাচনী প্রতীক ‘হাতুডি’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, গত তিনটি সংসদ নির্বাচনে মেননসহ যারা ওয়ার্কার্স পার্টির এমপি নির্বাচিত হয়েছেন, তারা ১৪ দলের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কংগ্রেসে জোট সম্পর্কে বলা হয়—১৪ দল কেবল কেন্দ্রে কার্যকর থাকলেও তৃণমূলে কার্যকর নেই। কংগ্রেসে ১৪ দলকে তৃণমূলে কার্যকর করার কথা বলা হয়। পাশাপাশি দুর্নীতি, বৈষম্য, মাদক, সন্ত্রাসবিরোধী লড়াইসহ কংগ্রেসে গৃহীত প্রস্তাবসমূহের ভিত্তিতে নিজস্ব শক্তি বিকাশের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।