চট্টগ্রামে একজন গ্রেফতার

চাকরি দেওয়ার নামে প্রতারণা

 চট্টগ্রাম অফিস

সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আজিজুল ইসলাম প্রকাশ আজিজ (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আজিজুল ইসলাম প্রকাশ আজিজ পটিয়া উপজেলার মনসারটেক এলাকার নুরুল আলমের পুত্র।

আজিজ নিজেকে মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকটাত্মীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

পুলিশ জানায়, নাহিম হাসান নামে এক যুবককে সরকারি চাকরি দেওয়ার কথা বলে সম্প্রতি ২ লাখ টাকা নেন আজিজুল ইসলাম। চাকরি না পেয়ে নাহিম হাসান টাকা ফেরত চাইলে তাকে হুমকি দিতে থাকেন আজিজ। মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর হুমকিও দেন। ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ করলে প্রতারক আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।