চট্টগ্রামে ঘুষের টাকাসহ আয়কর ইন্সপেক্টর গ্রেফতার

 চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে ঘুষের ২০ হাজার টাকাসহ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর মো. রেজাউল করিমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. রেজাউল করিম কর অঞ্চল-২ এর আওতাধীন সার্কেল ৩১ এর ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে কর্মরত আছেন।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এলাকায় ইনকাম ট্যাক্স অফিস থেকে ঘুষের টাকাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ঘুষ বাবদ এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ঘুষ গ্রহণের অভিযোগ ছিল দুদকের কাছে। মঙ্গলবার এক ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল বাবদ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে রেজাউল।