চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সভা

 চট্টগ্রাম অফিস

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা গত সোমবার সন্ধ্যায় নগরীর জামালখান সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৭ মার্চব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের ব্যাপক ও বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য রচনা প্রতিযোগিতা, আন্তর্জাতিক সেমিনার, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, নগরীর বাছাইকৃত স্থানে ম্যুরাল, সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর উপযুক্ত স্থানে বঙ্গবন্ধুর বৃহদাকৃতির সুউচ্চ ভাস্কর্য স্থাপন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে নামফলক স্থাপন, ১৭ মার্চ আনন্দশোভাযাত্রা, শিশু মেলা, গণসংগীত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে গান, কবিতা পাঠ, ছড়া পাঠ, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চায়ন এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মুক্তিযোদ্ধা ও প্রফেসর মো. মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম প্রমুখ।