কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় দুই মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মাদক মামলায় তিন আসামি ও নারী পাচার মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান পৃথক রায় ঘোষণা করেন।
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মহিরুল ওরফে মহিদুল (৫০), শিশির ওরফে নাহিদ (৪৫) ও কাজল (৩৫)। এ মামলায় অপর দুই আসামি রানী খাতুন ও হাসানকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আসামি সেলিম রেজাকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আদালতে মামলা দুইটির অভিযোগ গঠনের পর সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।