গ্লোবাল সাপ্লাই চেইন ইস্যুতে আইএলওকে উদ্যোগী হওয়ার আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ চেইন ইস্যুটি সম্প্রতি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। এ বিষয়ে কেবল উত্পাদনকারী কিংবা রপ্তানিকারকের ওপর দায়িত্ব চাপিয়ে অন্যরা তাদের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে স্বোচ্চার হয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আয়োজনে অনুষ্ঠিত আইএলও গভর্নিং বডির সভায় ইস্যুটি তুলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। তিনি ‘গ্লে­াবাল সাপ্ল­াই চেইন’ সম্পর্কে সচেতন করতে আইএলওকে সংলাপ আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ, উত্পাদন এবং বাণিজ্যের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধারণাটিকে এগিয়ে নিতে আইএলওকে কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। শ্রম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  সভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত এম শামীম আহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।