চাটমোহর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলন সংগ্রাম আর অচলাবস্থার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে আটক করা হয় কলেজের ৪ শিক্ষককে। সিআইডির একটি টিম ইন্সপেক্টর মিজানের নেতৃত্বে ঢাকা থেকে এসে এদের আটক করেন। শিক্ষকরা হলেন ইংরেজী বিভাগের বিকাশ মৈত্র, মনোবিজ্ঞানের ওসমান গণি, গণিতের শাজাহান আলী ও পদার্থ বিজ্ঞানের আবুল কালাম আনসারী।
অবশ্য বুধবার ভোর ৩টার দিকে চাটমোহর থানা থেকে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আতংকিত এসব শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
পুলিশ জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ৪ শিক্ষককে থানায় নিয়ে আসা হয়। আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে অধ্যক্ষ হয়রানী করছেন। কারণ অধ্যক্ষ নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। তার অপসারণ দাবিতে শিক্ষকরা যখন ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন, তখনই অধ্যক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ৪ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের নামে আটক করে হয়রানী করেন।
এদিকে, শিক্ষকদের আটক, তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে, প্রথম বর্ষের প্রথম সাময়িক পরীক্ষা পেছানো ও অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্যাম্পানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা ৫ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম বর্ষেও প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিচ্ছে না। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ইত্তেফাক/আরকেজি