ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহাসিক সহরায় উত্সব

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

 

নিজেদের ভাষা ও সাংস্কৃতিক তুলে ধরার জন্য ক্ষুদ্র  নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহাসিক সহরায় উত্সব ও সাংস্কৃতিক মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয় জয়পুরহাট সদর উপজেলার আদিবাসী পল্লী নামে খ্যাত খাটাকোবা গ্রামে।

৩ দিনব্যাপী ঐতিহাসিক সহরায় উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, স্থানীয় আদিবাসী নেতা কার্ত্তিক চন্দ্র সিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। খাটাকোবা গ্রামের বুড়িকালী মন্দির প্রাঙ্গণে এই সহরায় উত্সব আয়োজন করে স্থানীয় আদিবাসী সংঘ। এটি ছিল তাদের ৩২৬তম উত্সব। আদিবাসী তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই সহরায় ও সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসীদের সাংস্কৃতিক দল তাদের নিজস্ব ভঙ্গিমায় গীতি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। এছাড়াও আদিবাসী ভাষায় গীতিনাট্যও পরিবেশন করা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা এই উত্সবকে কেন্দ্র করে এলাকায় সাজসাজ রব ওঠে। দূরের আত্মীয়স্বজন বিশেষ করে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ জানানো হয়ে থাকে। সেইসঙ্গে বুড়িকালী মন্দির প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলাও।  সব মিলিয়ে খাটাকোবা আদিবাসী পল্লী নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।