বিনোদন ডেস্ক
চুল পড়া সমস্যার সমাধান খুঁজতে গিয়ে টাক হওয়া মানুষের সংখ্যা কম নয়। এর পেছনে সবচেয়ে বড় কারণ, বিজ্ঞাপনে পাতানো ফাঁদে পা দেওয়া। লোকাল বাস থেকে শুরু করে মহল্লার টঙ দোকানেও দেখা যায় ‘টাক সমাধান’ টাইপের নানা চুম্বক বিজ্ঞাপন। এসবে প্রলোভিত হয়ে যারা চুলের যত্নটা একটু বেশিই নেয় তাদের চুলটা বেশিই পড়ে! চুল বা চুল ঝরে যাওয়া নিয়ে শুরুর চমকটা দিয়েছিল শ্বেতা ত্রিপাঠি অভিনীত ‘ঘন কেশ’।
এবার ঘটনা বা দুর্ঘটনাক্রমে টাক নিয়ে তিনটি ছবিই আসছে নভেম্বরে। একটি বাংলা, দুটি হিন্দি সিনেমা। প্রতিটি ছবির গল্পের মূল বিষয় টাক। এই টাকের আকার কেমন, কী বৃত্তান্ত তা তো সিনেমাগুলো দেখলেই বোঝা যাবে।
কয়েকদিন আগেই বলিউডে মুক্তি পেয়েছে এই টাক সমস্যার গল্পনির্ভর দুটি সিনেমার ট্রেলার। একদিকে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বালা’ এবং অন্যদিকে সানি সিং অভিনীত ‘উজড়া চমন’। দুটি সিনেমার মিল খুঁজে পাওয়া গেছে পোস্টারেও। তবে ‘বালা’ মুক্তি পাচ্ছে আজ, আগামীকাল পর্দায় আসবে ‘উজড়া চমন’।
টাক নিয়ে বলিউডের এই দুই ছবি যখন আলোচনার তুঙ্গে তখন হঠাত্ করেই ঝরে পড়া চুলের মতো হাজির হলো একটি ওপার বাংলা সিনেমার ট্রেলার। ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘টেকো’। তিন সিনেমার এক বিষয় টাক সমস্যা। প্রশ্ন মনে জাগতেই পারে, কোনটা কোনটার নকল? এত বিতর্কে যাননি ‘টেকো’ ছবির পরিচালক অভিমন্যু মুখার্জী। পরিচালক বলেন, ‘হিন্দিতে এই বিষয় নিয়ে ছবি তৈরি হলেও তার ভাবনাটা অনেক আগের।’ প্রায় দুই বছর আগে শেষ হয়েছিল এই ছবির কাজ, কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। পরিচালক তার চারপাশের বিভিন্ন বন্ধুদের জীবন থেকেই এই গল্পটি পেয়েছেন। ২২ নভেম্বর মুক্তির মিছিলে থাকা এই ছবিটিতে রয়েছে একটা সাবধান বাণী। সেখানে বলা হচ্ছে, ‘লোভে পড়ে করে ফেলো না ভুল/ ঝরে গেলে ফিরে পাবে না চুল।’ তো এই চুল নিয়ে চুলোচুলি হোক বা না-ই হোক, এ সবই ট্রেন্ডিংয়ের ফসল। কিন্তু অবৈজ্ঞানিক প্রডাক্টের ফাঁদে পা পড়ে এবার সত্যিই হয়তো ভাবার সময় হয়েছে, কাকে আমরা গ্রহণ করবো, আর কাকে করবো না! হয়তো বিনোদনের ফাঁকে সিনেমাগুলোও সেটাই বলবে!