বিনোদন ডেস্ক
দিল্লির আকাশে এ মুহূর্তে মারাত্মক মাত্রায় ধোঁয়াশা বিরাজ করছে। পরিস্থিতির উন্নতির জন্য নগরবাসী ভারি বৃষ্টির অপেক্ষায় রয়েছে। ঠিক এই মুহূর্তেই দিল্লিতে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইচ্ছে ছিল না, কিন্তু উপায় নেই। দিল্লির বায়ুদূষণের মধ্যেই তার দ্য হোয়াইট টাইগার ছবির শুটিং করছেন। সম্প্রতি মাস্ক পরা ছবিও তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
সেলফিতে দেখা যায়, প্রিয়াঙ্কা সানগ্লাসের সঙ্গে একটি নীল রঙের মাস্ক পরে আছেন। তার মুখ সেই মাস্ক দিয়ে প্রায় ঢাকা। ছবিটি শেয়ারের সময় তিনি শহরের বায়ুদূষণের অবনতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন। সেইসঙ্গে গৃহহীন মানুষ, যাদের এ পরিস্থিতি মোকাবেলার জন্য বায়ু বিশুদ্ধকরণ ও মাস্ক নেই, তাদের কথা ভাবার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান।
ছবির সঙ্গে যুক্ত করে প্রিয়াঙ্কা আরো লেখেন, ‘দ্য হোয়াইট টাইগার ছবির শুটিং চলছে। এ মুহূর্তে শুটিং করা খুব কঠিন। এ পরিস্থিতিতে এখানে বেঁচে থাকার কথা আমি কল্পনাও করতে পারছি না। আমরা খুব ভাগ্যবান যে, আমাদের বায়ু বিশুদ্ধকরণ ও মাস্ক আছে। গৃহহীনদের জন্য সবাই প্রার্থনা করুন। সবাই নিরাপদে থাকুন।’
মাত্র একদিন আগেই শুটিংয়ের জন্য দিল্লিতে পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তার সেই উচ্ছ্বাস দূষিত হাওয়ায় মিলিয়ে গেল।
অরবিন্দ আদিগার পুরস্কার প্রাপ্ত গ্রন্থের নামানুসারে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটির নামকরণ করা হয়। এটি পরিচালনা করছেন রমিন বাহরানি। গ্রামের এক চা বিক্রেতা থেকে শহরের বড় উদ্যোক্তা হয়ে ওঠা এক ব্যক্তির গল্প নিয়ে কাহিনি এগিয়েছে ছবিটির। মুকুল দেওরার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে নেটফ্লিক্স। এতে আরো অভিনয় করেছেন বলিউড তারকা রাজকুমার রাও।