রয়টার্স ও আল জাজিরা
ইরানের ভূগর্ভস্থ ফোরদু পারমাণবিক কেন্দ্রে সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ শুরু করেছে ইরান। এর মধ্য দিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আরেকটি শর্ত ভাঙতে যাচ্ছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বুধবার বলা হয়, ‘ফোরদুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের উপস্থিতিতে ইরান সেন্ট্রিফিউজের মধ্যে গ্যাস (ইউরেনিয়াম) প্রবেশ শুরু করেছে।’ প্রতিবেদনে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্রের বর্ধিত চাপ এবং চুক্তি রক্ষায় ইউরোপীয় পক্ষগুলোর নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইরান ওই চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসছে।
২০১৫ সালে ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ পরিস্থিতিতেই ইরান ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন স্থগিত রাখার প্রক্রিয়া শুরু করেছে। সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো হলো এই প্রক্রিয়ার চতুর্থ ধাপ।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, ঐ কেন্দ্রের এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজে বুধবার থেকে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো শুরু হবে। তিনি বলেন, ‘পরমাণু সমঝোতায় বলা হয়েছে ইরান ফোরদু স্থাপনায় ১ হাজার ৪৪টি সেন্ট্রিফিউজ বসাতে পারবে। কিন্তু সেখানে গ্যাস প্রবেশ করাতে পারবে না। কিন্তু বুধবার থেকে আমরা সেখানে গ্যাস ঢোকানো শুরু করব।’ রুহানি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের জানা উচিত, তেহরান একা এই সমঝোতা মেনে চলতে পারে না। এই সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের হাতে আলোচনার জন্য দুই মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে স্টিল, বিমা, জ্বালানি তেল ও ব্যাংকিংসহ ইরানের সব খাত থেকে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।