এনডিটিভি
দিল্লি ও তার আশপাশের অঞ্চলে দূষণ ছড়ানোর জন্য প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনকে দায়ী করে বসলেন এক বিজেপি নেতা। বিনীত আগরওয়াল সারদা নামের ঐ বিজেপি নেতা অভিযোগ করেন যে, প্রতিবেশী ঐ দুই দেশই ভারতের বাতাসকে দূষিত করতে বিষাক্ত গ্যাস ছড়াতে পারে। ‘সম্ভবত আমাদের ভয় পায় এমন কোনো প্রতিবেশী দেশই এই বিষাক্ত গ্যাস ছেড়েছে। আমার ধারণা যে, পাকিস্তান অথবা চীন আমাদের ভয় পাচ্ছে, তাই ঐ কাজ করছে তারা’—সংবাদ সংস্থা এএনআইকে বলেন বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা। তবে তিনি আরো বলেন যে, ‘পাকিস্তান কোনো বিষাক্ত গ্যাস ছেড়েছে কি না, সেটা আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখতে হবে।’
বিনীত আগরওয়াল সারদা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান হতাশায় ভুগছে এবং কোনো লড়াইয়েই জিততে না পারায় ভারতের বিরুদ্ধে এ ধরনের কৌশল নিচ্ছে তারা। ‘যখনই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করেছে, তখনই তারা হেরে গেছে। প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান হতাশ হয়ে পড়েছে।’
দেশের রাজধানীতে দূষণ ছড়ানোর জন্য হরিয়ানা ও পাঞ্জাবের খড় পোড়ানোকেই দোষারোপ করেন দিল্লির মুখ্যমন্ত্রী, এ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালেরও সমালোচনা করেন ঐ বিজেপি নেতা। ‘দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকেই বলেছেন যে, খড় পোড়ানোর জন্য বা শিল্পপ্রতিষ্ঠান থেকে ধোঁয়া বেরোনোর ফলেই এই দূষণ ছড়াচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে, কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। তাই দূষণের জন্য কৃষক ও শিল্পকে দোষ দেওয়া উচিত নয়’।
০