স্পোর্টস রিপোর্টার
দিল্লিতে প্রথম ম্যাচ হারের পর এ পর্যন্ত ভারতীয় দলের যারা সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, সবাই বলেছেন, দলের ওপর কোনো চাপ নেই। কিন্তু গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বললেন, নির্দিষ্ট করে বোলার বা ব্যাটসম্যানদের ওপর চাপ না থাকলেও দল হিসেবে তারা একটু চাপে আছেন।
বাংলাদেশের কাছে সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজে টিকে থাকতে হলে আজকে রাজকোটে জিততেই হবে তাদের। এই অবস্থায় একটু হলেও চাপ টের পাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলছিলেন, ‘এটা খুব সরল ব্যাপার। দলের ওপর ভালো পারফরম করার একটা চাপ আছে। কোনো নির্দিষ্ট বিভাগের ওপর চাপ নেই। আমরা দল হিসেবে হেরেছি; বোলিং ইউনিট হিসেবে নয়। ফলে দলের দিকেই সবার মনোযোগ আছে।’
দিল্লিতে ভারতীয় ব্যাটিং খুব একটা জ্বলে উঠতে পারেনি। শিখর ধাওয়ান সর্বোচ্চ ৪১ রান করলেও তিনি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না। তবে ভারতীয় অধিনায়ক গতকাল বললেন, তারা ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তিত নন। এই বিভাগে অন্তত আজকের ম্যাচে পরিবর্তন হচ্ছে না বলে ধারণা দিলেন রোহিত, ‘আমাদের ব্যাটিং ভালোই মনে হচ্ছে। ফলে আমার মনে হয়, ব্যাটিংয়ে আমাদের তেমন কোনো পরিবর্তন দরকার নেই। তারপরও আমরা পিচ বিশ্লেষণ করব। সেই অনুযায়ী দেখব, দল হিসেবে আমরা কী করতে পারি।’
গত ম্যাচে ভারতের পরাজয়ের একটা অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে খলিল আহমেদের করা ১৯তম ওভারটিকে। এই ওভারে তিনি টানা চারটি বাউন্ডারি হজম করেন মুশফিকুর রহিমের কাছে। আর এখান থেকেই বাংলাদেশ ম্যাচ বের করে ফেলে। খলিল আহমেদের নাম উল্লেখ না করেই রোহিত ধারণা দিলেন, বোলিং ইউনিটে কিছু পরিবর্তন আজকের ম্যাচে হতে পারে, ‘গত ম্যাচে আমাদের যে পেস বোলিং কম্বিনেশন ছিল, ওটা দিল্লির উইকেট মাথায় নিয়ে করা হয়েছিল। আমরা এখানে আজ (গতকাল) উইকেট দেখবো। এরপর আমরা বোলিং লাইন আপ নিয়ে ভাবব।’
রোহিত বলছিলেন, দিল্লির চেয়ে রাজকোটের উইকেট ভিন্ন হবে। বোলার ও ব্যাটসম্যান, সবার জন্যই এই উইকেটে কিছু থাকবে বলে তিনি মনে করছেন। এই উইকেট অনুযায়ী তাদের খেলার ধরনও বদলে যাবে বলে ধারণা দিলেন রোহিত, ‘এখানকার উইকেট দেখে তো ভালো মনে হলো। রাজকোট সবসময় ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট হয়। এখানে বোলারদেরও কিছু সহায়তা থাকে। আমি নিশ্চিত, এটা দিল্লির চেয়ে ভিন্ন হবে। আমি আমাদের কৌশল তো বলে দেব না। তবে এটা বলতে পারি যে, আমাদের খেলার ধরন ভিন্ন হবে। আমরা গত ম্যাচে পিচ অনুযায়ী খেলেছি। এই ম্যাচেও পিচ কী ধরনের আচরণ করে, সে অনুাযায়ী খেলব।’