স্পোর্টস ডেস্ক
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটসম্যানদের জন্য সহায়ক। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। জানিয়েছেন গ্রাউন্ডসম্যান মানশুখভাই তেরাইয়া। তবে সাইক্লোন ‘মাহা’র সুবাদে বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাজকোটে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গেল ২০১৭ সালের নভেম্বরে সর্বশেষ এই মাঠে টি-টোয়েন্টি খেলেছিল ভারত। নিউজিল্যান্ডের ১৯৬ রানের বিপরীতে তারা করেছিল ১৫৬ রান। বোঝাই যাচ্ছে, উইকেটের চরিত্র অক্ষুণ্ন থাকলে এবারও রান হবে প্রচুর।
তেরাইয়া দাবি করেছেন, যে উইকেটে আজ খেলা হবে, সেখানে বিস্তর ঘাস রাখা হয়েছে। ফলে উইকেট থেকে সুবিধা নিয়ে প্রচুর রান করার সুযোগ আছে। সাইক্লোনের আশঙ্কার কারণে উইকেট আপাতত ঢেকে রাখা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাষ বলছে, বৃহস্পতিবার বৃষ্টির জোর সম্ভাবনা আছে। সেটা হলে রানের বন্যা ছাপিয়ে নায়ক হয়ে যেতে পারে ‘বৃষ্টি’ই।
এসসিএর কর্মকর্তারা তবু আশাবাদী। কারণ, সাইক্লোনটা বেশ জোরালো হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে যদি বৃষ্টি হয়েও থাকে, তাহলে উন্নত মানের ড্রেনেজ সিস্টেমের সুবিধা নিয়ে মাঠ অল্প সময়ের মধ্যে প্রস্তুত করে ফেলার সুযোগকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এসসিএর সাধারণ সম্পাদক হিমাংশু শাহ বলেন, ‘আবহাওয়া রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে ম্যাচের দিন সকালে বৃষ্টি থাকবে। কিন্তু যখন খেলা হবে, তখন কোনো বৃষ্টির সম্ভাবনা জানা যায়নি। তাই ম্যাচ আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী।’
তেরাইয়াও সুর মেলালেন হিমাংশুর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদরে দারুণ ড্রেনেজ সিস্টেম আছে। আর মাঠে যেসব কর্মী কাজ করেন, তারা দীর্ঘদিনের অভিজ্ঞ। ফলে জরুরি পরিস্থিতিতে কী করতে হয়, সেটা আমরা জানি। এখন কেবল বৃষ্টি যাতে অনেক তীব্র না হয়, সে জন্য প্রার্থনা করতে পারি।’
যদিও বৃষ্টি হলে আউটফিল্ড মন্থর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে ব্যাটসম্যানদের জন্য বাউন্ডারি পাওয়াটা হবে শক্ত। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের জন্য বাউন্ডারি পাওয়াটা খুব শক্ত হয়ে যায়। কারণ আউটফিল্ড অনেক মন্থর হয়ে যাবে। বল সহজে বাউন্ডারিতে যাবে না। রান করাটা হবে কঠিন।’
বৃষ্টি না রানের বন্যা—আজ কার পাল্লাটা ভারী হবে? এই প্রশ্নের জবাব পাওয়ার জন্য অবশ্য আজ সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই!