সাকিবের নিষেধাজ্ঞা
স্পোর্টস রিপোর্টার
শাস্তি দুই বছরের। তার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। সবকিছু ঠিক চললে এক বছর পরই ফিরতে পারবেন সাকিব আল হাসান। যদিও গত সপ্তাহে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, সাকিবের শাস্তি কমানোর চেষ্টা করতে আইনি দিক খতিয়ে দেখবে বিসিবি। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় ইঙ্গিত, আপিল করার দিকে হাঁটবে না বিসিবি।
তার যথেষ্ট কারণও রয়েছে। তদন্তে নিজের দোষ স্বীকার ও আপিল করবেন না বলে চুক্তি করেছিলেন সাকিব। তাই এখানে আপিলের সুযোগও নেই। অন্তত এক বছর শাস্তি ভোগ করেই ফিরতে হবে এই অলরাউন্ডারকে। যেখানে বিসিবিরও করণীয় কিছু নেই।
সাকিবের শাস্তি কমাতে বিসিবির উদ্যোগ নিয়ে গতকাল বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যতটুকু জানি এই বিষয়টা নিয়ে আপিলই করা যাবে না। কোনো পক্ষ করতে পারবে না, এটাই জানি আপাতত। এটা সাকিবের কাছ থেকেই জানা, এমন না যে নিজে থেকে জেনেছি। এরা যেটা দিয়েছে সেটা থেকেই জেনেছি যে করা যাবে না।’
তাই এখন ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। বরং সাকিবের সঙ্গে আলোচনা করার পর করণীয় কিছু থাকলে, তা করবে বিসিবি।