স্পোর্টস রিপোর্টার
টানা দশ দিনের অনুশীলন ক্যাম্প চলছে ওমানের রাজধানী মাসকটে। ১৫ নভেম্বর কলকাতার ভারতের বিপক্ষে ম্যাচটা খেলার পর ঢাকায় অনুশীলন করেনি জাতীয় দল। চট্টগ্রামের টুর্নামেন্ট চলছিল। জাতীয় দলের ডজনখানেক ফুটবলার সেই টুর্নামেন্টে খেলেছেন। ফাইনালের দুই-একদিন পরই ওমান চলে গিয়েছেন। সেখানেই শুরু হয়েছে মূল অনুশীলন। আগামী ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে এটি চতুর্থ ম্যাচ। ওমান বাংলাদেশের চেয়ে অনেক ওপরে। শক্তিশালী দল। তাদের বিপক্ষে লড়াইয়ের জন্যই সেখানে গিয়েছেন দেশের ফুটবলাররা। কোনোভাবেই ছাড় দেবেন না। এক বিন্দু ছাড় না দেওয়ার শপথ বিপলু আহমেদ, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন, সাদ উদ্দিনদের। ওমানের বিপক্ষে জেতার আশা কমই। নেই বললেও চলে। দুই দেশের ফুটবল পার্থক্যটাও অনেক বেশি। তারপরও এক ইঞ্চি জায়গা ছাড়বে না বলে জানিয়ে গেছেন গোলকিপার আশরাফুল রানা। ফিফার র্যাংকিংয়ে ওমানের স্থান ৮৪। বাংলাদেশের স্থান ১৮৪ নম্বরে। ১০০ ধাপ পার্থক্য। বাংলাদেশের সবচেয়ে সুবিধা হচ্ছে খেলোয়াড়রা মনোবল হারাচ্ছে না। ওমানের মাঠে অনুশীলনে মগ্ন খেলোয়াড়রা চারদিকে তাকানোরও সময় পাচ্ছেন না। মাঠ অনুশীলন, হোটেল বিশ্রাম, টিমি মিটিং আর ফুটবল নিয়ে নানা ভিডিও দেখছেন। দেখানো হচ্ছে খেলোয়াড়দের।
বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি যোগ দিয়েছেন অনুশীলনে। সোমবারই কোচের সঙ্গে বৈঠক হয়েছে। ঢাকা হতে যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল শুনে কপাল কুঁচকে গেছে জেমির। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করেছেন তিনি। মঙ্গলবার হতে পুরোদমে অনুশীলনে ঝাঁপিয়েছেন জেমি ডে। অধিনায়ক জামাল ভুঁইয়াও অনুশীলনে সবার সঙ্গে। বাকি আছেন ইয়াসিন আরাফাত। তিনি বাহারাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল গ্রুপ পর্বের খেলা শেষ করে ওমানে যোগ দেবেন।
বাংলাদেশ ফুটবল দল ওমানের বিপক্ষে ম্যাচ খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে সেখানে। ক্লাব ফুটবল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে একাদশ নির্ধারণ করবেন কোচ। একাদশ নির্ধারণের আগ পর্যন্ত জেমি তার খেলোয়াড়দের দেখে নিচ্ছেন। রিয়াদুল, রহমত মিয়া, সবুজ, সুফিল, রকিব, আরিফুর, জীবনরা অনুশীলনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। জেমি ডে তার খেলোয়াড়দের উজ্জীবিত রাখতে নিজেও মাঠে সমানতালে অনুশীলন করছেন। খেলোয়াড়রা ফাঁকি দিচ্ছেন কি না তা সহজেই চোখে পড়বে কোচের। মাঠে অনুশীলন করে সেগুলো আবার হোটেলে গিয়ে কাগজে-কলমে দেখাচ্ছে জেমি। বিভিন্ন ভিডিও প্রজেকশনের মাধ্যমে ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছেন তিনি। এভাবেই অনুশীলনে ধ্যানমগ্ন ফুটবলাররা।