বিপিএল
—বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর
—উদ্বোধনী অনুষ্ঠান ৮ ডিসেম্বর
—খেলা শুরু হবে ১১ ডিসেম্বর
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিসিবির নিজস্ব অর্থায়নেই মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। প্রাথমিকভাবে ৬ ডিসেম্বর বলা হলেও টুর্নামেন্ট পেছানোর আভাস আগেই দিয়েছিল বিসিবি। গতকাল বঙ্গবন্ধু বিপিএল শুরুর দিনক্ষণ ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাঁচ দিন পিছিয়ে বিপিএল মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। তার আগে ৮ ডিসেম্বর জমকালো আয়োজনে উদ্বোধন হবে টুর্নামেন্টের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এ টুর্নামেন্টের। আর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। গতকাল মিরপুর স্টেডিয়ামে বিপিএল নিয়ে মিটিংয়ের পর এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিপিএল শুরুর দিনক্ষণ জানাতে গিয়ে নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, ‘প্রাথমিকভাবে ৬ তারিখ বিপিএলটা শুরু করতে চেয়েছি। তবে একটা উদ্বোধনী অনুষ্ঠানও করতে যাচ্ছি , তবে সেটা কবে করব এ নিয়ে চিন্তায় ছিলাম। অত্যন্ত আনন্দের একটা বিষয় যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী কাউন্টডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে, এটা এরই মধ্যে ঘোষণা করেছে সরকার। প্রথমদিন ৮ তারিখই বঙ্গবন্ধু বিপিএলটা উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজে আসবেন বলে আমাদের সম্মতি দিয়েছেন। তিনি উদ্বোধন করবেন এটা আমরা মনে করি আমাদের জন্য বিরাট পাওয়া।’
টুর্নামেন্টের ব্যাট-বলের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর। বিসিবি সভাপতি বলেছেন, ‘৮ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান হলে খেলা চার-পাঁচ দিন পিছিয়ে যাওয়ারই কথা। প্লেয়ার্স ড্রাফট হচ্ছে ১৭ তারিখ (নভেম্বর), উদ্বোধনী অনুষ্ঠান ৮ তারিখ (ডিসেম্বর) আর খেলা শুরু হচ্ছে ১১ তারিখ (ডিসেম্বর।’
বিসিবির ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা হচ্ছে। এ বিষয়ে দ্রুতই কাজ শুরু করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলে আগের মতোই সাতটি দল থাকছে। তবে সম্ভাবনা আছে দুটি দল বিসিবি নিজেই পরিচালনা করবে। বাকি পাঁচটি দলের জন্য স্পন্সর পেয়েছে বিসিবি। গতকাল নাজমুল হাসান পাপন বলেছেন, ‘৭টা দল ছিল, ৭টা দলই খেলবে। আমরা এরই মধ্যে ৫টা স্পন্সর ঠিক করে ফেলেছি, যাদের আমরা দিতে পারি বা দেব। কিন্তু আবেদন এসেছে আরো বেশি। এখনো আমাদের দুটো খালি আছে, আমরা অপেক্ষা করছি কাউকে দেব তবে খুব সম্ভাবনা আছে বিসিবি নিজেরাই চালাবে।’
দলগুলোর জন্য বিদেশি নামি-দামি কোচ নিয়োগের কাজও দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে। আগ্রহী কোচরা বিপিএলের সপ্তম আসরে কাজ করতে সম্মতি দিয়েছেন। এখনো চুক্তি হয়নি বলে নাম প্রকাশ করছে না বিসিবি। তবে চুক্তি হয়ে গেলে শিগিগরই কোচদের নাম প্রকাশ করা হবে।
বিসিবি সভাপতি বলেছেন, ‘বেশকিছু কোচের সঙ্গে ফাইনাল করা হয়েছে আজকে (গতকাল), ভালো ভালো কোচ। চার জনের মতো আমরা ঠিক করেছি, বেশি না। চুক্তি এখনো হয়নি তাই নাম বলছি না। তবে অনেক বড়ো বড়ো নাম আছে, যারা জাতীয় দলের জন্য আবেদন করেছে এমনও আছে।’