কোন হত্যাকারী খুনি রেহাই পাবে না মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোন হত্যাকারী রেহাই পায়নি পাবে না। ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে তিনি আরো বলেছেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বকুল মেম্বর হত্যাকাণ্ডের বিচারও হবে এবং প্রকৃত খুনি অপরাধীকে চিহিৃত করে তা দ্রুত বিচার আইনে বিচার করা হবে।
তিনি বুধবার দুপুরে সিরাজগঞ্জের বাগবাটিতে আওয়ামী লীগ নেতা বকুল মেম্বর হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। এর আগে তিনি দত্তবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে বকুল মেম্বরের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন।
বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বর বকুল হায়দারের হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ময়নুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, বাগবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এবং মরহুসের সন্তান শাহাদত হায়দার।
এছাড়াও কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, বাগবাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী হোসেন মল্লিক, ছোনগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি