সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।এরপর ওইদিন রাতে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর বুধবার দুপুরে তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত হলো- বড় রাঙ্গামাটিয়া এলাকার মাইন উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩০) এবং ধামরাই থানার কামারপাড়া গ্রামের বদর উদ্দিনে ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার ইউসুফ আলী তার স্ত্রীকে নিয়ে বড় রাঙ্গামাটি এলাকার সাগরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন। কিন্তু গত ৫ মাস আগে তার স্ত্রীর চাকরি চলে যায়। এরপর ওই নারী শ্রমিক বিভিন্ন কারখানায় চাকরির খোঁজ করছিলেন। এই সুযোগে মঙ্গলবার দুপুরে ওই নারী শ্রমিককে চাকরি দেওয়ার কথা বলে সোহেল নামের এক ব্যক্তি তাকে পার্শ্ববর্তী মাইন উদ্দিনের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় ওই বাড়ির একটি কক্ষে আগে থেকেই অবস্থান করছিলেন বাড়ির মালিকের ছেলে মিজান, দেলোয়ার ও আব্দুর রাজ্জাকসহ ৩ জন। একপর্যায়ে সোহেল ওই নারীকে তাদের কক্ষে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। এ সময় ঘরের ভিতরে থাকা রাজ্জাক ওই নারীর মুখে চেপে ধরে রাখে এবং মিজান ও দেলোয়ার পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা অন্য কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ওই নারীকে ছেড়ে দেয়। এরপর ধর্ষণের শিকার ওই নারী তার স্বামী ও আত্মীয়-স্বজনের কাছে ঘটনাটি খুলে বলার পর মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ‘নারী পোশাক শ্রমিকের অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে আটক করে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম