সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় রেলওয়ে জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে রেলওয়ে রাজশাহী বিভাগীয় এস্টেটমেন্ট অফিসার ও নির্বাহী হাকিম মো. নুরুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানসহ র্যাব-পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

রেলওয়ের নির্বাহী হাকিম মো. নুরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতুতে রেলওয়ে সেতু নির্মাণ হচ্ছে। নতুন রেলওয়ে সেতুর মালামাল ও ভারত থেকে আসা পণ্যবাহী কন্টেইনারগুলো রাখার জন্য ২০ একর জায়গার প্রয়োজন। এজন্য সিরাজগঞ্জ বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঐ স্থানে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে।