তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
তারাগঞ্জ উপজেলার হাটবাজারের তিনটি গণশৌচাগারের মধ্যে একটি প্রায় তিন বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে বন্ধ রয়েছে। নতুন করে সেখানে কোনো শৌচাগারের ব্যবস্থা না করায় হাট-বাজারের ব্যবসায়ী, শ্রমিকসহ ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই আশপাশে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছেন। তারাগঞ্জ বাজারের তারাগঞ্জ কর্মজীবী সমবায় সমিতির সভাপতি মো. লাবু মিয়া জানান, হাটের তিনটি গণশৌচাগারের মধ্যে দক্ষিণ দিকের অর্থাত্ গরু-ছাগল ও কাপড় পট্টির গণশৌচাগারটি প্রায় তিন বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে তালাবদ্ধ আছে। আর দুটি জরাজীর্ণ অবস্থায় চালু থাকলেও মানুষ লাইন ধরে সুযোগ নেয়। হাটের দিনের সমস্যা আরো বেশি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বন্ধ জরাজীর্ণ গণশৌচাগারটি ভেঙে একটি বড়ো গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত কাজ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।