বেশ লম্বা সময় ধরে হূদয়ের ভেতরের জমা অনুভূতিগুলো কালির আঁচড়ে একটা ছন্দে সাজানো হয়েছে। সেই গানে বাঁধা পড়েছে সুর। অচিনপুরের গান সেই শুদ্ধ অনুভূতিরই ফসল। কথাগুলো বলছিলেন অ্যালবামের দুই গীতিকবির একজন সাবরিনা সুলতানা চৌধুরী। অন্যজন শেখ রানা। বাপ্পা মজুমদারের ‘পরি’ গানটি যারা শুনেছেন তারা জানেন এই গানের রচয়িতা তিনি। অচিনপুরের গান অ্যালবামে তিনি লিখেছেন তিনটি নাগরিক ভাবনার গান। অন্যদিকে লোক আঙ্গিকের তিনটি গান লিখেছেন সাবরিনা সুলতানা চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় এ অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়া জাহেদ হাসান মিলনায়তনে। এই আয়োজনে অ্যালবামের গীতিকবিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পী বাপ্পা মজুমদার, লাবিক কামাল গৌরব প্রমুখ। যে কোনো গান পূর্ণতা পায় যখন তা সুরে ও কণ্ঠে মোহনীয় হয়। সাবরিনা ও রানার লেখা গানগুলো অচিনপুর অ্যালবামে গেয়েছেন পার্থ বড়ুয়া, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, লাবিক কামাল ও ফোক ব্যান্ড গানকবি।