সাংবাদিক দিল মনোয়ারা মনু স্মরণসভায় বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা মনুর সবচেয়ে বড়ো গুণ ছিল মানবিকতা। তিনি একজন শুভচিন্তার নিভৃতচারী ব্যক্তি ছিলেন। ব্যক্তিগত কর্মময় জীবনে তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। একজন নিষ্ঠাবান, দায়বদ্ধ, সত্ মানুষ হিসেবে তার পরিচয় মেলে সমাজে। অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজের স্বপ্ন তার লেখায় থাকত। গতকাল বুধবার মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে সংগঠনের প্রচার ও গণমাধ্যম সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক প্রয়াত দিল মনোয়ারা মনু স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। গুণী এই সাংবাদিকের প্রয়াণে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, মনুর সবচেয়ে বড়ো গুণ ছিল মানবিকতা। অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজের স্বপ্ন তার লেখায় থাকত। পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আজ যখন বিভিন্ন পেশজীবী নারী তাদের সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, তখন তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, ব্যক্তিগত কর্মময় জীবনে তিনি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন নিষ্ঠাবান, দায়বদ্ধ, সত্ মানুষ, সত্ কর্মী হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, তিনি একজন শুভচিন্তার নিভৃতচারী ব্যক্তি ছিলেন। তার আদর্শ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, দিল মনোয়ারা মনু একজন অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষ ছিলেন। তিনি নারী সাংবাদিক কেন্দ্র প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। পাক্ষিক অনন্যা পত্রিকাকে অনন্য হিসেবে গড়ে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। দিল মনোয়ারা মনুর জীবনী পাঠ করেন সংগঠনের গণমাধ্যম উপপরিষদের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মাহফুজা জেসমিন।
আরো বক্তব্য রাখেন প্রয়াত দিল মনোয়ারা মনুর জীবনসঙ্গী শামসুল হুদা, পরিষদের উপদেষ্টা সেলিনা খালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি পরিচালক মাখছুদা আখতার লাইলী, প্রচার ও গণমাধ্যম উপপরিষদের সদস্য নাসরিন শওকত, সংগঠনের সদস্য হুমায়রা খাতুন, সাংবাদিক তাসকিনা ইয়াসমিন পমুখ।