জাবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে এক ঘণ্টা বিলম্ব হয়।

সমাবেশে ভিপি নুরুল হক বলেন, অপরাধ করলেও ছাত্রলীগকে ছাড় দেওয়া হচ্ছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ক্ষমতাসীন দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আশা করেছিলাম ছাত্রলীগ সংযত হবে, কিন্তু হয়নি।’ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক হোসেন, বিনি আমিন মোল্লা এবং প্রগতিশীল ছাত্রজোটের নেতাসহ সাধারণ শিক্ষার্থী।

ছাত্রদলের বিক্ষোভ : এদিন দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলও। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ঢাবি শাখা সভাপতি আল মেহেদি তালুকদার, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।