জবিতে অনিয়মে পদোন্নতি নেওয়া কর্মকর্তাকে তড়িঘড়ি বদলি

আহসান জোবায়ের, জবি সংবাদদাতা

অনিয়ম করে পদোন্নতি নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষের আস্থাভাজন সেকশন অফিসার আনোয়ার হোসেনকে ট্রেজারার দপ্তর থেকে ‘তড়িঘড়ি’ বদলি করে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২ নভেম্বর দৈনিক ইত্তেফাকে ‘সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ’ শিরোনামে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এদিকে নিয়োগ জালিয়াতি করে পদোন্নতি নেওয়া এই কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরে বদলি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরা। কর্মচারীদের অভিযোগ, সাবেক ট্রেজারারের আস্থাভাজন হওয়ায় নানা অভিযোগ সত্ত্বেও তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আনোয়ার হোসেন সাবেক কোষাধ্যক্ষ সেলিম ভুঁইয়ার আস্থাভাজন হওয়ায় অনিয়ম করে দপ্তরের কর্মকর্তা পদে নিয়োগ ও পদান্নোতি লাভ করেন। বিশ্ববিদ্যালয় আপগ্রেডেশন নীতিমালা ২০১৫ অনুযায়ী, ব্যক্তিগত সহকারী পদ থেকে সেকশন অফিসার (গ্রেড-২)তে পদোন্নতি পেতে স্নাতক/সমমান উত্তীর্ণ হলে ব্যক্তিগত সহকারী পদে ছয় বছর এবং এই বিশ্ববিদ্যালয়ে চার বছরের কাজের অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর/সমমান উত্তীর্ণ হলে ব্যক্তিগত সহকারী পদে চার বছর এবং এই বিশ্ববিদ্যালয়ে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৫ ডিসেম্বর আইএসসি পাশ সার্টিফিকেট দিয়ে ল্যাব টেকনিশিয়ান হিসেবে যোগদান করেন আনোয়ার হোসেন। ২০১৫ সালের ০৩ ডিসেম্বর শূন্যপদ সাপেক্ষে ব্যক্তিগত সহকারী পদে নতুন করে যোগদান করেন তিনি। ২০১৮ সালের ২৬ এপ্রিল ব্যক্তিগত সহকারী পদ থেকে সেকশন অফিসার (গ্রেড-২)-এ চার-ছয় বছর কাজের অভিজ্ঞতা ছাড়াই পদোন্নতি নেন এই কর্মকর্তা, যা বিশ্ববিদ্যালয় আপগ্রেডেশন নীতিমাল ২০১৫-এর সঙ্গে সাংঘর্ষিক। অথচ দপ্তরে যোগ্যতাসম্পন্ন আরো কর্মচারী থাকলেও তাদের মূল্যায়ন করা হয়নি।

সার্বিক বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানিয়েছেন, সিন্ডিকেট অনুমোদিত নিয়োগ ও পদোন্নতি নীতিমালা ছাড়া কাউকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। নিয়মবহির্ভূত কাউকে নিয়োগ প্রদান করাও হয়নি।