মালয়েশিয়ার শ্রম বাজার খুলছে শিগিগরই

মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার দ্রুত সময়ে খোলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। গতকাল বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্লামেন্ট ভবনে দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, বৈঠকে ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ, উভয় দেশের রিক্রুটিং এজেন্সিদের সম্পৃক্ততার পরিধি, মেডিক্যাল পরীক্ষা ও কর্মীর সামাজিক ও আর্থিক সুরক্ষা এবং ডাটা শেয়ারিং বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে, ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণ এবং কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার বিড়ম্বনা নিরসনের জন্য বাংলাদেশ থেকে বহির্গমনের আগে মাত্র একবার স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন। এ প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা সভায় বিশেষভাবে উঠে আসে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। উক্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ পুনরায় শুরু হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম, অতিরিক্ত সচিব ড. আহমেদ মনীরুস সালেহীন,   যুগ্মসচিব ফজলুল করীম, ডেপুটি কমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বিএমইটি এর পরিচালক ড. নুরুল ইসলাম।

মালয়েশিয়া প্রতিনিধিদলে ছিলেন মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আমির বিন ওমর, ডেপুটি সেক্রেটারি জেনারেল কয়া আবুন, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. খাইরুজ্জামান, লেবার ডিপার্টমেন্টের মহাপরিচালক জেফরি জোয়াকিম আসরী, আন্ডার সেক্রেটারি বেটি হাসান, আন্ডার সেক্রেটারি আব্দুর রহমান, ডেপুটি আন্ডার সেক্রেটারি শাহাবুদ্দিন এবং ডেপুটি আন্ডার সেক্রেটারি শাহ বাচিক প্রমুখ।