ছাত্রলীগ ও যুবলীগের পর এবার স্বেচ্ছাসেবক লীগের নেতাদেরও বয়স নির্ধারণের চিন্তা-ভাবনা চলছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, আসন্ন সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বয়স ৫০ বছর নির্ধারণ করে দেওয়া হতে পারে। আগামী ১৬ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির তৃতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১২ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর উত্তরের সম্মেলন হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার প্রায় সাত বছর পর এই সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ। চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে মোল্লা মো. আবু কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সম্মেলনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংগঠনের সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক এবং যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ৭৯টি সাংগঠনিক জেলার প্রতিটি থেকে ২৫ জন করে কাউন্সিলর সম্মেলনে আসবেন। এর বাইরে সংগঠনের কেন্দ্র ও সাংগঠনিক মহানগর শাখা মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ কাউন্সিলর নতুন নেতা নির্বাচন করবেন।
১৩ বছর পর অনুষ্ঠেয় এবারের সম্মেলনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রত্যাশীরা হচ্ছেন: বর্তমান সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, গোলাম রাব্বানী, ইসহাক মিয়া প্রমুখ।