রামগতিতে অবৈধ গ্যাস পাম্পে জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে কাভ্যার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার মজুদ করে বিভিন্ন যানবাহনে গ্যাস বিক্রির অপরাধে দুই গ্যাস পাম্পে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা সদর আলেকজান্ডার সোনাপুর বাস স্ট্যান্ড ও আজাদ নগর চেউয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।

আরও পড়ুন: এক জালেই ৪০ লাখ টাকার পোয়া মাছ

জানা যায়, উপজেলা সদর আলেকজান্ডার সোনাপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ কাভ্যার্ডভ্যানে করে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করছে একটি গ্যাস পাম্প। বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই গ্যাস পাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় পাম্পটি সিলগালা করে দেওয়া হয়। পরে উপজেলার আজাদ নগর চেউয়াখালী ব্রিজ এলাকায় আরেকটি গ্যাস পাম্পে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, লক্ষ্মীপুর বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপক আলতাব হোসেন, উপসহকারী প্রকৌশলী বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন জানান, কোন ধরনের পারমিট ছাড়া অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইনে দুই গ্যাস পাম্পকে জরিমানা এবং সিলগালা করে দেওয়া করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম