মাদারীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসার ছাত্র আসিফ মাতুব্বরকে (১৩) মাদ্রাসা শিক্ষকদের হাতে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় গাছবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের মা ছালমা বেগম ও মামা বাদশা ব্যাপারী স্থানীয় সাংবাদিকদের জানান, সন্ধ্যায় কতিপয় শিক্ষক আসিফকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং মুখে বিষ ঢেলে দেন। স্থানীয়রা ছাত্রটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, আসিফের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আসিফের অভিভাবকরা জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। কর্তব্যরত চিকিত্সক ডা. অখিল সরকার জানান, লাশের ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।