বিএনপির ভাইস চেয়ারম্যান এম. মোর্শেদ খানের পদত্যাগের এক দিন পর গতকাল বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য লে জে (অব) মাহবুবুর রহমান জানিয়েছেন, তিনি রাজনীতি থেকে অবসরে গেছেন। অন্তত দেড় থেকে দুই মাস আগে নিজ হাতে লেখা পদত্যাগপত্র দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দিয়েছেন। মাহবুবুর রহমান বলেন, আমি বয়স্ক মানুষ। আগামী ডিসেম্বরে ৮০ বছর পূর্ণ হবে। রাজনীতিতে অবদান রাখার মতো আমার কিছু নেই, আমি এখন রাজনীতি করব না। রাজনীতি থেকে সরে এসেছি। আমি দল থেকে পদত্যাগ করেছি। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার করে নিয়েছি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, আমি রাজনীতি নিয়ে বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। বাংলাদেশে রাজনীতিতে কোনো আদর্শও নাই। এখানে রাজনীতির নামে একটা এক্সপ্লয়টেশন চলছে। একটা তোষামোদ, ধাপ্পাবাজি ও মিথ্যাচারিতা চলছে। জানা গেছে, মাহবুবুর রহমান পদত্যাগপত্র দিলেও তা এখনো গৃহীত হয়নি।