কোনো পেশাই অসম্মানে নয় :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো পেশাই অসম্মানের নয়, সব কাজই সম্মানের। সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজকে কোনো পেশাকে অসম্মানিত করে কোনো কিছু বলা কারো উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সব মানুষ সম্মানের, সব কাজ সম্মানের।’ গতকাল বুধবার চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে হোটেল বয় হিসেবে কর্মরত চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশকে নিজের পক্ষ থেকে অর্থ সহায়তাদানকালে তিনি একথা বলেন। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ‘গন্তব্য’ চলচ্চিত্রটি নির্মাণ করতে গিয়ে নিঃস্বপ্রায় এই চলচ্চিত্র পরিচালককে তথ্যমন্ত্রী নিজের পক্ষ থেকে ১ লাখ টাকা দেন।

হাছান মাহমুদ নিজেও বিদেশে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করেছেন উল্লেখ করে বলেন, ‘আমি নিজে যখন বিদেশে পড়াশুনা করতাম, তখন আমি হোটেল-রেস্তোরাঁয় কাজ করতাম।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অরণ্য পলাশ ও তার নির্মিত চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।