অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে আরএসএস এবং বিজেপি বৈঠক করেছে বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে। মুসলমানদের কাছে পৌঁছানোর প্রচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভীর বাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে আরএসএসের নেতা কৃষ্ণ গোপাল এবং রামলাল, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাহমুদ মাদানী, চলচ্চিত্র নির্মাতা মোজাফফর আলী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কমল ফারুকী, সাবেক সংসদ সদস্য শহীদ সিদ্দিকী ও শিয়া ধর্মগুরু কালবে জাওয়াদ এই বৈঠকে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সকলেই সামাজিক সম্প্রীতির বার্তা দেন। রায়ের পর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সকলেই বর্তমান পরিস্থিতিতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্বকে শক্তিশালী ও সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা সামাজিক ঐক্য ও সম্প্রীতির যাতে কোনো ক্ষতি না হয়, যে কোনো পরিস্থিতিতে স্থির থাকার আহ্বান জানান। মন্ত্রী নকভী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশের সংস্কৃতি। সেই সাংস্কৃতিক অঙ্গীকারকে বজায় রাখতে হবে। ঐক্যের এই শক্তি রক্ষা করা সমাজের সকল শ্রেণির সম্মিলিত দায়িত্ব। আগামী ১৫ নভেম্বরের আগেই ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা হতে পারে।