ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে দুদকে এ মামলা করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব অসত্ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর মিলিয়ে সর্বমোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন করেন। অর্জিত এসম্পদ তিনি নিজ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এসব সম্পদের ব্যাপারে এজাহারে বলা হয়েছে, রাজিবের ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের ৩৩ নম্বর প্লটে একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। মোহাম্মপুরের কাটাসুর ৩ নং রোডে রাজীবের একটি প্লট রয়েছে যা প্রাথমিক তথ্যে অবৈধ সম্পত্তি। এছাড়া রাজীবের চাচা ইয়াছিন হাওলাদার রাজমিস্ত্রি ছিলেন এবং এর বাইরে তার আয়ের কোনো উত্স ছিল না। রাজিব অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে তার চাচা ইয়াছিন হাওলাদারের নামে মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের পাঁচ তলা ও চার তলা দুটি বাড়ি, একই এলাকার চান মিয়া হাউজিং লিমিটেডে তিন তলা বাড়ি, সাত মসজিদ হাউজিংয়ে ১৮ নম্বর বাড়িটি (ছায়াবিথি) চার তলা করেছেন। এছাড়া রাজিবের নামে সিলিকন হাউজিংয়ের শেয়ার এবং মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কে ছয় কাঠা জমি রয়েছে।