১০ টাকা কেজির সাড়ে তিনশ’ বস্তা চালসহ বাবা-ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাদ্যবান্ধব কর্মসূচি লেখা ১০ টাকা কেজির চালসহ বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, চাল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম নুরু ও তার ছেলে ছগির হোসেন।

বুধবার সন্ধায় উপজেলা উচিৎপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩শ’৫৬ বস্তা সরকারি চাল, চাল বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত গুলিবিদ্ধ

সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শান্তিরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময়  আদালত দেখতে পান খাদ্যবান্ধব কর্মসূচি লেখা বস্তা খুলে কয়েকজন অন্য নতুন বস্তায় চাল ভরছে। এসময় ৩শ’৫৬ বস্তা চাল, নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ চালগুলো কোথা থেকে এলো এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেক দিন ধরে দশ টাকা চাল কিনে বস্তা পরিবর্তন করে ব্যবসা করছে বলে স্থানীয়রা আদালতকে জানান। অভিযানে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমানসঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

ইত্তেফাক/এমআরএম